
মো:আনিছুর রহমান:
নড়াইল জেলার কালিয়া থানার ঐতিহ্যবাহী ২ নম্বর পুরুলিয়া ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও সমর্থন তৈরি হয়েছে। এই ইউনিয়নে এবার চেয়ারম্যান হিসেবে এলাকাবাসীর জোরালো পছন্দ ও দাবি হিসেবে উঠে এসেছেন উচ্চশিক্ষিত ব্যক্তিত্ব সাইফুর রহমান শিপলু।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিবারের সন্তান সাইফুর রহমান শিপলু ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। পরবর্তীতে কর্মজীবনে তিনি একটি স্বনামধন্য ও বড় এনজিও প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন। এলাকার সাধারণ মানুষের প্রবল অনুরোধ ও দাবির প্রেক্ষিতেই তিনি এবার চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সদয় আগ্রহ প্রকাশ করেছেন।
বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলে রাজনৈতিক মামলা, হামলা, নিপীড়ন ও নির্যাতনের মুখেও রাজপথে অবিচল থেকেছেন বিএনপির এই লড়াকু সৈনিক। এলাকার সাধারণ মানুষের মূল্যায়ন অনুযায়ী, এই ইউনিয়নের প্রায় ৯০ শতাংশ মানুষ তাকে আগামী দিনে তাদের জনপ্রতিনিধি ও চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান: সাইফুর রহমান শিপলু নিজে শুধু একজন উচ্চশিক্ষিত ব্যক্তিত্বই নন, তাঁর পুরো পরিবারটি শিক্ষা ওতপ্রোতভাবে জড়িত। তাঁর সম্মানিত পিতা ছিলেন একজন আদর্শ শিক্ষক, যিনি আজীবন মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে গেছেন। তাঁর বড় ভাই ও ভাবি দুজনেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া মেজো ভাই মাহফুজুর রহমান লাভলু এবং তাঁর স্ত্রী দুজনেই বিসিএস ক্যাডার হিসেবে সরকারি চাকুরিতে সফলভাবে দেশসেবা করে যাচ্ছেন।
জনকল্যাণ ও এলাকার উন্নয়নের অঙ্গীকার: এলাকার মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করে সাইফুর রহমান শিপলু বলেন, “আমি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সবসময় কাজ করতে চাই। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই। একটি দেশের প্রকৃত অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হলে সবার আগে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন। আমি এই বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এলাকার সামগ্রিক উন্নয়নে কাজ করব।”
এলাকার সর্বসাধারণের প্রত্যাশা, সাইফুর রহমান শিপলুর মতো সৎ, শিক্ষিত ও পরীক্ষিত নেতৃত্ব পুরুলিয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী এলাকায় রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।